জুলাই ঘোষণাপত্রে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই: জামায়াত নেতা ডা. তাহেরের হতাশা
জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তার মতে, ঘোষণায় দেশের জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটেনি।
মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. তাহের।
ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাহের বলেন, “আমি মনে করি, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, তা ঘোষণাপত্রে প্রতিফলিত হয়নি। আমরা শুধু একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো বক্তব্য দেখলাম।”
তিনি আরও বলেন, “আমরা চেয়েছিলাম, ঘোষণাটি সংবিধানের প্রস্তাবনায় (প্রিয়াম্বেল) অন্তর্ভুক্ত হোক। সেটাও হয়নি। আর এখন বলা হচ্ছে, পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। তাহলে এই সরকারের দায়িত্ব কোথায়?”
প্রসঙ্গত, ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে শহীদদের জাতীয় বীর হিসেবে উল্লেখ এবং পরিবার-আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
তবে বাস্তবায়নের নির্দিষ্ট সময় উল্লেখ না করায় এবং বর্তমান সরকারের দায়িত্ব এড়িয়ে যাওয়ার আভাসে সংশ্লিষ্ট মহলে হতাশা দেখা দিয়েছে।

অনলাইন ডেস্ক