প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ । ৯:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় ট্র্যাজেডি: ভালোবাসার সম্পর্কে ভাঙন, কিশোরের মর্মান্তিক পরিণতি

অনলাইন ডেস্ক

কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় এক মর্মান্তিক ঘটনায় সিয়াম হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা গেছে, সিয়াম ছয় মাস আগে ভালোবাসার সম্পর্কের মাধ্যমে বিয়ে করলেও পারিবারিক মতবিরোধের কারণে ওই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি। মঙ্গলবার তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়, যা মানসিকভাবে ভীষণ ভেঙে দেয় এই কিশোরকে। এর পরদিনই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

সিয়াম কুষ্টিয়ার খাজানগরের বাসিন্দা এবং সাইদুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, পরিবারের সম্মতি না থাকলেও সিয়াম নিজের ভালোবাসাকে গুরুত্ব দিয়েছিল। তবে স্ত্রীপক্ষের আপত্তির কারণে দাম্পত্য জীবনে নেমে আসে অস্থিরতা। একপর্যায়ে স্ত্রীর পরিবার কৌশলে মেয়েকে আলাদা করে নেয় বলে অভিযোগ।

সিয়ামের প্রতিবেশী আনোয়ার বলেন, ‘সিয়াম ছোট বয়সেই বড় সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সম্পর্কের ভাঙন ও পারিবারিক টানাপোড়েন ওকে মানসিকভাবে দারুণভাবে কাবু করে ফেলে।’

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ওসি জহিরুল ইসলাম জানান, সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

প্রিন্ট করুন