প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর গ্যাংয়ের ধাওয়া খেয়ে ড্রেনে পড়ে গেলেন এক যুবক! এ ঘটনা রংপুর শহরের মাহিগঞ্জ এলাকায় ঘটেছে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে।
আহত যুবকের নাম রাকিব হাসান (২২), তিনি রংপুর নগরীর তাজহাট এলাকার বাসিন্দা। স্থানীয়দের মতে, প্রেমিকার সঙ্গে দেখা করতে গোপনে মাহিগঞ্জ এলাকায় যান রাকিব। সে সময় কয়েকজন কিশোর তাকে সন্দেহজনকভাবে লক্ষ্য করে অনুসরণ করতে থাকে।
একপর্যায়ে কিশোর গ্যাংয়ের কয়েকজন যুবক রাকিবকে ঘিরে ফেললে তিনি আতঙ্কে দৌঁড়াতে শুরু করেন। দৌঁড়াতে গিয়েই অন্ধকার রাস্তায় খোলা ড্রেনে পড়ে যান তিনি। পরে এলাকাবাসী চিৎকার শুনে পুলিশ এবং ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা তাকে উদ্ধার করে, বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
এলাকাবাসী জানান, মাহিগঞ্জ এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েই চলেছে। সন্ধ্যার পর চলাফেরা করা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
রাকিবের এক আত্মীয় বলেন, “সে তো শুধু প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিল। এখন প্রেম তো দূরের কথা, মোবাইল, ঘড়ি, সম্মান—সবই গেল পানিতে!”
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে শহরে হাস্যরসও তৈরি হয়েছে।

অনলাইন ডেস্ক