‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা পৌর মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে শারমিন আক্তার বলেন, “বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ। দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় তরুণ প্রজন্মকে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে এগিয়ে আসতে হবে।” চলতি বর্ষায় প্রত্যেকে বাড়ির আঙিনা বা ফাঁকা জায়গায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, বন বিভাগের কর্মকর্তা রকিব উদ্দীনসহ আরও অনেকে বক্তব্য দেন। এসময় বিভিন্ন প্রজাতির গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

নাসিফ জামান