প্রকাশের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ । ১২:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বৃষ্টির আভাস, নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে, যার কারণে দেশের বেশিরভাগ স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি শক্তিতে রয়েছে।

এই অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় দেশের কিছু জায়গায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, কিন্তু রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা।

এছাড়া, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতেও বৃষ্টি হতে পারে। সারা দেশে ভারি বৃষ্টির কিছু কিছু এলাকা থাকতে পারে। এ সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

প্রিন্ট করুন