প্রকাশের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ । ৪:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় দানাদার রূপা উদ্ধার

অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামে অভিযান চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল ও ৮ কেজি ৯০০ গ্রাম ওজনের ভারতীয় দানাদার রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৫টায় অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসানের নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

অভিযানকালে দুইজন মোটরসাইকেলযোগে ভারত সীমান্তের দিকে যাচ্ছিল। টহলদল থামার নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিলে মোটরসাইকেলটি ফেলে পাটক্ষেতে পালিয়ে যায় তারা। তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের ভেতর লুকানো রূপা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রূপা ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় নায়েব সুবেদার আব্দুস সাত্তার দামুড়হুদা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। উদ্ধারকৃত রূপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

প্রিন্ট করুন