কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় ভাড়া বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীকে হত্যার অভিযোগে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার রাত ১০টার দিকে এফ-ব্লকের ওই বাসা থেকে লাশ উদ্ধার করা হয় বলে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান।
নিহত ঊর্মি খাতুন (৩৫) কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মণ্ডলের মেয়ে এবং মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রানা খানের স্ত্রী। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঊর্মির ভাই আবু সাইদ জানান, প্রায় পাঁচ বছর আগে রানা খানকে দ্বিতীয় বিয়ে করেন তার বোন। দুই সন্তান নিয়ে তারা হাউজিং এলাকায় ভাড়া থাকতেন এবং সিটি কলেজের সামনে কাপড় ও খাবারের দোকান চালাতেন।
তার অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। শনিবার পারিবারিক বিরোধের জেরে স্বামী তাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। “ঊর্মির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে,” বলেন তিনি।
ওসি মোশাররফ হোসেন জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহ থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা মিলেছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুষ্টিয়া প্রতিনিধি