প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫ । ৯:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ৯ লাখ টাকার মাদক ও ভুয়া বিড়ি উদ্ধার

অনলাইন ডেস্ক

কুষ্টিয়ায় পৃথক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ৯ লাখ ৫৪ হাজার ৮০০ টাকা মূল্যের হেরোইন, ফেনসিডিল, সিলডেনাফিল ট্যাবলেট ও নকল বিড়ি জব্দ করেছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার মনি পার্কের প্রধান সড়কে অভিযান চালায় বিজিবি। নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত টহল দল ৭ হাজার ৯২০ প্যাকেট নকল বিড়ি জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।

এর আগে শুক্রবার রাতে কাথুলী মাঠ এলাকা থেকে সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন ও ১০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার হয়। একই রাতে তালতলা এলাকায় টহলরত হাবিলদার মো. আজগর আলীর নেতৃত্বে ১ লাখ ৫৯ হাজার ২০০ টাকা মূল্যের ২০ বোতল ফেনসিডিল এবং ৫০৪ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়া রোববার ভোরে শুভরাজপুর মাঠ এলাকা থেকে হাবিলদার মো. শুফিউল ইসলামের নেতৃত্বে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত সব মাদক ও চোরাচালানি পণ্য মালিকবিহীন হওয়ায় বিধি মোতাবেক ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রিন্ট করুন