আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে শহরের আনন্দধাম সড়কের মডার্ন বেকারি এবং রাজধানী ক্যাফে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। এতে সহযোগিতা করে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সজীব পাল এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন।
মডার্ন বেকারিতে ভোক্তাধিকার বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ মেলায় মালিক ফিরোজ হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৮ ও ৩৯ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর আলমডাঙ্গা সরকারি কলেজ রোডে অবস্থিত রাজধানী ক্যাফে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে একই আইন লঙ্ঘন ও লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনার দায়ে মালিক মিরাজুল ইসলামকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আলমডাঙ্গা থানার এসআই নিয়ামুল হক সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালন করেন।

আলমডাঙ্গা প্রতিনিধি