কুষ্টিয়ায় গত এক সপ্তাহে সীমান্ত এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পরিচালিত এসব অভিযানে প্রায় ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১০ বোতল বিদেশি মদ, ২০ বোতল ফেনসিডিল, ৭০০ গ্রাম হেরোইন, ৫২৮৮ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ১৯,১১২ প্যাকেট অবৈধ নকল বিড়ি, ১৪৫০ পিস চকলেট বাজি, ২৩৬৫.৫ কেজি চায়না দুয়াড়ী ও কারেন্ট জাল, ২৫৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন, ২৭৪০ পিস ডেক্সামিথাশন ট্যাবলেট এবং ১ জন অবৈধ অনুপ্রবেশকারী আটক করা হয়।
৪৭ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ মুর্শেদ রহমান পিএসসি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

কুষ্টিয়া প্রতিনিধি