চুয়াডাঙ্গায় মাদক মামলায় রশিদা বেগম (৫৯) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রশিদা বেগম সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার বাসিন্দা ও রবিউল ইসলামের স্ত্রী।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৯ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ায় অভিযান চালায়। এ সময় রশিদা বেগমকে ৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম দুইজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৭ সালের জানুয়ারিতে উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার ৮ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন। রায়ে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি