আজ ১৫ আগস্ট, জাতির পিতা ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল বিপথগামী কর্মকর্তা ও সৈনিক ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে তাকে নির্মমভাবে হত্যা করে। সেদিন ঘাতকের গুলিতে প্রাণ হারান বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালসহ পরিবারের নিকটাত্মীয়রা। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
জাতির জনককে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় সমাহিত করা হয়। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু হয়।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন, ছয় দফা দাবি, আগরতলা মামলা ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। তার স্মৃতিকে সম্মান জানাতে প্রতি বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।

অনলাইন ডেস্ক