চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিন দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত চলা এ কর্মসূচিতে তিনি সবার কাছে দোয়া ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে জামায়াতের জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, মাজলিসুল মুফাসসিরিন সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমির মোহাম্মদ নায়েব আলী, সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় রুহুল আমিন বলেন, “আমরা ভোটের অধিকার ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, এলাকায় উন্নয়ন ও বেকার সমস্যা সমাধান করতে চাই।” তিনি অভিযোগ করেন, “২৪ জুলাইয়ের বিপ্লবের পরও যদি কেউ রাস্তা, মসজিদ, কালভার্ট, বৃদ্ধভাতা, সার বা মানুষের হক মেরে খায়, তাহলে তা গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে যায় না।”
তিনি আরও বলেন, “২৪ জুলাইয়ের চেতনা থাকলে দুর্নীতি ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।” শেষ পর্যন্ত তিনি ইসলামের পক্ষে ও ইনসাফের পক্ষে দাঁড়িয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

স্টাফ রিপোর্টার