ইতালির জেনোয়া বন্দরে সৌদি আরবের মালবাহী জাহাজ বাহরি ইয়ানবু আটকে দিয়েছেন ডকইয়ার্ডের শ্রমিকরা। ইতালীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, জাহাজটিতে ইসরায়েলের জন্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বোঝাই ছিল।
প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, সৌদি জাহাজ কোম্পানি বাহরির পরিচালিত এ জাহাজ সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর থেকে ইতালিতে পৌঁছায়। এখানে ইতালীয় অস্ত্র নির্মাতা লিওনার্দোর তৈরি ট্যাঙ্কসহ বিভিন্ন ভারী অস্ত্র বোঝাইয়ের পরিকল্পনা ছিল। নিয়মিত পরিদর্শনের সময় ডকের প্রায় ৪০ জন কর্মী অস্ত্র ও গোলাবারুদ দেখতে পান, যা তাদের দাবি অনুযায়ী ইসরায়েলে পাঠানোর প্রস্তুতি চলছিল।
তবে বাহরি এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। ১১ আগস্ট প্রকাশিত এক বিবৃতিতে কোম্পানিটি অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করে। তারা ফিলিস্তিনিদের পক্ষে সৌদি আরবের নীতি, আন্তর্জাতিক সামুদ্রিক আইন এবং স্থানীয় বিধিবিধান মেনে চলার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।
বাহরি দাবি করেছে, তারা কখনো ইসরায়েলে কোনো পণ্য পাঠায়নি এবং প্রয়োজনে এই অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

অনলাইন ডেস্ক