প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ । ১:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলকে কেন্দ্র করে ইমাম-মুয়াজ্জিনসহ ৩ জন আটক

অনলাইন ডেস্ক

নোয়াখালীর কবিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এ ঘটনায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাত বাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—নিজাম উদ্দিন (মসজিদের ইমাম), নজরুল ইসলাম (মুয়াজ্জিন) এবং মো. করিম (ইউনিয়ন যুবলীগের সদস্য)।

স্থানীয় সূত্র জানায়, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্যোগে স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে ছাত্রলীগ ও যুবলীগের যৌথ আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিল পরিচালনা করেন সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন।

পরে কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে বিষয়টি। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইমাম, মুয়াজ্জিন ও যুবলীগ কর্মীকে আটক করে।

এদিকে, নিষিদ্ধ কর্মসূচি পালনে বাধা দেওয়ার প্রতিবাদে রাতে চাপরাশিরহাট বাজারে যুবদল ও জামায়াতের যুব শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, “সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কর্মসূচি আয়োজনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।”

প্রিন্ট করুন