রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে ৪০ ইস্ট বেঙ্গলের একটি দল নগরীর “ডক্টরস ইংলিশ” নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওই সরঞ্জামগুলো উদ্ধার করে।
সেনাবাহিনীর একটি সূত্র জানায়, অভিযানে বিদেশি অস্ত্র থেকে শুরু করে দেশীয় অস্ত্র ও বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, সঠিক কর্টিজ, তিন বক্স ইয়ারগান সিসা, ছয়টি দেশীয় অস্ত্র, একটি ট্রাজারগান, চারটি ওয়াকিটকি, একটি জিপিএস, একটি বাইনোকুলার, একটি ম্যাগনেট, ১০টি সিমকার্ড এবং বিস্ফোরক তৈরির নানা উপকরণ। এছাড়া একাধিক পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার ও ৩৫টি বিদেশি মদের বোতলও জব্দ করা হয়।
এদিকে সেনাবাহিনী অভিযান পরিচালনা করলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাস্থল পুরোপুরি ঘিরে রাখা হয়েছে এবং বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে এলাকাজুড়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র মো. গাজিউর রহমান জানান, সেনাবাহিনীর অভিযানের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিনি আরও বলেন, সেনাবাহিনী চাইলে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম পুলিশের কাছে হস্তান্তর করবে। তখন বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
স্থানীয়রা বলছেন, শান্তশিষ্ট একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম মজুত ছিল—এটা বিশ্বাস করা কঠিন। তারা এ ঘটনাকে নাশকতার জন্য বড় ধরনের প্রস্তুতি হিসেবে দেখছেন এবং পুরো ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছেন।
👉 রাজশাহীর কাঁদিরগঞ্জে এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

অনলাইন ডেস্ক