ব্রাজিল জাতীয় দলে দীর্ঘদিন পর ফিরতে যাচ্ছেন নেইমার। আগামী মাসে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের শেষ দুই ম্যাচকে সামনে রেখে তার দিকে নজর রাখছেন কোচ কার্লো আনচেলত্তি। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের ২৫ তারিখ ঘোষিত ব্রাজিল দলের স্কোয়াডেই দেখা যেতে পারে এই সুপারস্টারের নাম। বর্তমানে সান্তোসের জার্সি গায়ে নিয়মিত খেলছেন নেইমার, তাই আনচেলত্তির পরিকল্পনায় তার ফেরাটা সময়ের ব্যাপার বলেই মনে করছে ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ও গ্লোবো’।
আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলির মুখোমুখি হবে ব্রাজিল, আর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে নামবে শেষ ম্যাচে। ২২ মাস পর এই দুই ম্যাচে মাঠে নামতে পারেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভয়াবহ এসিএল ইনজুরির পর জাতীয় দলে আর খেলা হয়নি তার। চলতি বছরের জুনে ফেরার জোরালো সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তাকে অন্তর্ভুক্ত করেননি আনচেলত্তি।
জুনে অনুষ্ঠিত সেই ম্যাচগুলোতে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাজিল, আর প্যারাগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুস-রাফিনিয়ার নৈপুণ্যে জয় পায়। তবে অভিজ্ঞতা ও নির্ভরযোগ্যতার জায়গায় আনচেলত্তির ব্রাজিল দলে নেইমারের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। কনমেবল বাছাইপর্বে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তারা ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইকুয়েডর, আর ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

অনলাইন ডেস্ক