চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ইয়াবা, ভায়াগ্রা ট্যাবলেট এবং কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ৬ বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। হাবিলদার মো. মনির হোসেন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নিমতলা গ্রামের মো. আব্দুল মালেকের পেঁপে বাগানের পাশে রাস্তার ওপর মালিকবিহীন অবস্থায় ১৮ পিস ভারতীয় ইয়াবা এবং ৯ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে একই দিন বিকেল সাড়ে চারটার দিকে গয়েশপুর বিওপির সীমান্ত পিলার-৬৭/৪-এস এলাকা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের রাস্তার ওপর অভিযান চালানো হয়। নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমান নেতৃত্বে পরিচালিত এ চোরাচালান বিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৮ বোতল ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
অন্যদিকে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে বাঘাডাঙ্গা বিওপির সীমান্ত পিলার-৬০/৩৭-আর এলাকা থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। হাবিলদার ফেরদৌস আলী মন্ডল এর নেতৃত্বে নিয়মিত টহলের সময় ৬ জন বাংলাদেশি নাগরিক (২ পুরুষ, ২ নারী ও ২ শিশু) অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়। তাদের মধ্যে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে তারা নিয়মিত টহল ও অভিযান চালাচ্ছে। এছাড়া, সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য এবং অবৈধ প্রবেশ রোধ করার জন্য সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে চুয়াডাঙ্গা ও মহেশপুর সীমান্তে মাদক, বিদেশি ঔষধ ও কীটনাশকের বিরুদ্ধে বিজিবির অভিযানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা বিজিবির এই কার্যক্রমের প্রশংসা করছেন এবং সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানাচ্ছেন।

নাসিফ জামান