প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ । ৫:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় ভ্যানচালক নিখোঁজের ২৪ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার

অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় হৃদয় আলী (১৫) নামে এক কিশোর ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পদ্মানদীর পাড়ের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হৃদয় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইউনুস শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে জীবিকার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় হৃদয়। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে থানায় সাধারণ ডায়েরি করার পর স্থানীয়রা কলাবাগানে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহের গলা কাটা ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার ও স্বজনদের অভিযোগ, ভ্যান ছিনিয়ে নিতেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিতে কিশোর হৃদয়কে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রিন্ট করুন