প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ । ৫:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় ওভারপাসসহ ৩ দাবিতে মানববন্ধন কর্মসূচি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা শহরের রেলগেট এলাকায় ওভারপাস নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ এবং ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও রেলবাজার কামিল মাদরাসার শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রেলবাজার কামিল মাদরাসা গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেন চুয়াডাঙ্গা কামিল মাদরাসার অধ্যক্ষ মীর মো. জান্নাত আলী, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল হাসান পল্টু, রেলবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, রেলগেট এলাকায় চলমান বিভিন্ন নির্মাণকাজ শিক্ষার্থীদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে এই পথে যাতায়াত করতে হয়। অথচ নির্মাণকাজের সময় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এ অবস্থায় স্থানীয়রা দীর্ঘদিন ধরেই একটি নিরাপদ ওভারপাস নির্মাণের দাবি জানিয়ে আসছেন।

এছাড়া এলাকার সড়কগুলো প্রশস্ত না হওয়ায় যানজট সৃষ্টি হচ্ছে, শিক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে। বক্তারা দ্রুত রাস্তা প্রশস্ত করার দাবি জানান। পাশাপাশি রাস্তার পাশে অবস্থিত একাধিক ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার আহ্বান জানান তারা। এসব ভবন যেকোনো সময় ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে বক্তারা সতর্ক করেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। তাই ওভারপাস নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ ও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণসহ তিন দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করা জরুরি।

আয়োজকরা জানান, দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

প্রিন্ট করুন