সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োজিত শিক্ষকদের জন্য নবম গ্রেডকে এন্ট্রি পদ হিসেবে ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বঞ্চনার শিকার হয়ে আসছেন। যোগ্যতা, কর্মদক্ষতা ও সেবার মান বজায় রাখলেও তারা প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা পাচ্ছেন না। এজন্য শিক্ষকদের দাবি, নবম গ্রেডকে ভিত্তি ধরে চারস্তরীয় পদোন্নতি কাঠামো দ্রুত বাস্তবায়ন করতে হবে। এতে যেমন শিক্ষক সমাজের ন্যায্য অধিকার নিশ্চিত হবে, তেমনি মানসম্মত শিক্ষার পরিবেশও গড়ে উঠবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেকেন্দার আলী। তিনি বলেন, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি। কিন্তু আমাদের পদোন্নতির কোনো সঠিক কাঠামো নেই। এজন্য চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন আমাদের জন্য অত্যন্ত জরুরি।”
এসময় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তানিয়া মাসুদা, ইমরান হোসেন ও জাহাঙ্গীর আলম। এছাড়া মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসীমউদ্দীন ও আবু হানিফসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা উল্লেখ করেন, শিক্ষকদের মর্যাদা ও প্রণোদনা নিশ্চিত করা গেলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত হবে।
মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় থাকা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিন ধরে প্রাপ্য পদোন্নতি ও বেতন কাঠামোর সংস্কার হয়নি। এর ফলে অনেকে হতাশায় ভুগছেন এবং শিক্ষকতার প্রতি নতুন প্রজন্ম আগ্রহ হারাচ্ছে।
শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবি মেনে না নিলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। দেশের সর্বত্র শিক্ষক সমাজ এক হয়ে এই দাবিকে জাতীয় আন্দোলনে পরিণত করবে।
তাদের দাবি, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার নিশ্চিত হলে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন সম্ভব হবে।

মেহেরপুর প্রতিনিধি