প্রকাশের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫ । ২:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বোনের বাড়ি থেকে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গা প্রতিনিধ

চুয়াডাঙ্গা সদরের কিরণগাছি এলাকায় দ্রুতগতির একটি ইজিবাইকের ধাক্কায় মাছুরা খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত মাছুরা খাতুন সদর উপজেলার কালুপোল গ্রামের মাঝেরপাড়ার আজম আলীর স্ত্রী।

সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, মাছুরা খাতুন সেদিন বোনের বাড়ি থেকে ডিম নিয়ে ফেরার পথে গ্রামের কয়েকজনের সঙ্গে রাস্তার এক পাশে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। এসময় ইজিবাইকের চাকা তার পেটের ওপর দিয়ে চলে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাছুরাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিলেও তার আগেই তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, “রোগীর পেটের ওপর দিয়ে চাকা চলে যাওয়ায় তিনি মারাত্মকভাবে আহত হন। দ্রুত রেফার করার চেষ্টা করা হলেও অবস্থার অবনতি ঘটে।”

ঘটনার পর স্থানীয়রা ইজিবাইকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, “ইজিবাইকের ধাক্কায় একজন নারী নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। ঘটনাস্থল দর্শনা থানা এলাকায় হওয়ায় সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মামলা হবে কিনা তা দর্শনা থানা পুলিশ জানাবে।”

মাছুরা খাতুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুতগামী ইজিবাইক নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন