প্রকাশের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫ । ২:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পরিবেশ রক্ষার লক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। নেতারা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছরই তারা প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দেন।

বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কোর্ট মোড় ও হাসান চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে শহর।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম আলম বিলাস, সাধারণ সম্পাদক আবু তালহা, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল জাহিদ এবং সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল সবসময় গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকেছে। দেশের সংকটময় সময়ে এই সংগঠনের নেতাকর্মীরা জনসাধারণের অধিকার রক্ষায় আন্দোলন-সংগ্রাম করেছেন। তারা আরও বলেন, আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি সুযোগ।

নেতৃবৃন্দ সংগঠনের ইতিহাস ও আদর্শ তুলে ধরে বলেন, চার দশকের বেশি সময় ধরে স্বেচ্ছাসেবক দল দেশ ও মানুষের পাশে থেকে কাজ করছে। আগামীতেও গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শত শত নেতাকর্মী অংশ নেন। শহরের বিভিন্ন এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করে। সবশেষে দলীয় নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

প্রিন্ট করুন