চুয়াডাঙ্গা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): “নিরাপদ মাছ চাই, পুষ্টি সমৃদ্ধ দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড় ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন।
বক্তারা বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদ এবং এ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশ বর্তমানে বিশ্বে চতুর্থ বৃহত্তম মৎস্য উৎপাদনকারী দেশ। চুয়াডাঙ্গা জেলা মাছ উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বক্তারা এসময় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্য উৎপাদন বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন এবং এ খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত খামারিদের এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভায় অংশ নিয়ে মৎস্য চাষী কামরুজ্জামান বাবলু, ফাইম মুনতাছির, মোহাম্মদ আলী ও আলিফ উদ্দিন তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেলে চাষীরা আরও বেশি লাভবান হতে পারবেন এবং দেশের খাদ্য নিরাপত্তায় অবদান রাখতে পারবেন।
পরে জেলার চারজন সফল মৎস্য চাষীকে বিশেষ অবদান রাখার জন্য ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা ছাড়াও জেলার চার উপজেলার মৎস্য চাষীরা অংশ নেন। এসময় মৎস্য খাতের উন্নয়নে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি