চুয়াডাঙ্গা, ২০ আগস্ট ২০২৫ (বাসস): চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে আগস্ট/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
সভায় সদ্য যোগদানকৃত দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অন্যদিকে, দীর্ঘ কর্মজীবন শেষে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া জেলা পুলিশের প্রধান সহকারী শহিদুল ইসলামকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন পুলিশ সুপার।
সভায় পুলিশ সুপার উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পূর্ববর্তী কল্যাণ সভায় আলোচিত বিভিন্ন বিষয়ের অগ্রগতি ও সমাধান তুলে ধরেন। একই সঙ্গে থানা, ক্যাম্প ও ফাঁড়ির চাহিদা অনুযায়ী দাপ্তরিক ব্যবহার্য সামগ্রী ও ক্রোকারিজ সরবরাহের ঘোষণা দেন।
ভালো কাজের স্বীকৃতি হিসেবে জুন-জুলাই মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মোট ১১ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার এসময় বলেন, “ভালো কাজের যথাযথ স্বীকৃতি প্রদান আমাদের মনোবল বাড়ায়। এতে কর্মদক্ষতা ও পেশাদারিত্ব আরও বৃদ্ধি পায়।”
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা, ডিআইও-১ (ডিএসবি), জেলার সব থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন) এবং ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা।
সভায় বক্তারা পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান। একইসঙ্গে জনগণের আস্থা অর্জন এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশ বাহিনীর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি