চুয়াডাঙ্গায় ধান কাটার সময় মেশিনের আঘাতে ইবাদত হোসেন (৩৮) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৩টার দিকে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বুড়োপাড়া গ্রামের আপাগাড়ি মাঠে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইবাদত হোসেন বড়োপাড়া গ্রামের মিলপাড়ার মৃত আজগার আলীর ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক হলেও পরিবার চালাতে কৃষিকাজেও যুক্ত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে গবাদিপশুর জন্য ইবাদত হোসেন মাঠে ঘাস কাটতে যান। এ সময় স্থানীয় আইনালের জমিতে ধান কাটার জন্য মেশিন চালানো হচ্ছিল। মেশিনটি চালু অবস্থায় তিনি এর ঠিক পিছনেই ঘাস কুড়াচ্ছিলেন। হঠাৎ মেশিনের চালক পেছনে দিকে সরাতে গেলে মেশিনের চাকায় সজোরে আঘাত লাগে ইবাদতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ইবাদতকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধানকাটা মেশিনের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, “এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। ইবাদত হোসেন ধানকাটা মেশিনের পেছনে ঘাস কুড়াচ্ছিলেন। হঠাৎ মেশিনটি পেছালে লোহার রডে আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
অল্পবয়সেই ইবাদতের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পাড়া-প্রতিবেশীরাও তার অকাল মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি