চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার বাসস্ট্যান্ড চত্বরে নির্মিত দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্যের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়লসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জেলা প্রশাসক বলেন, “জীবননগর শহরের এই বাসস্ট্যান্ড চত্বর একটি ব্যস্ততম চার রাস্তার মোড়। প্রতিনিয়ত শত শত গাড়ি এখানে প্রবেশ ও বের হয়। তাই গাড়িগুলোকে সহজে ঘোরাতে এবং শহরের সৌন্দর্য বাড়াতে এখানে একটি স্থাপনার প্রয়োজন ছিল। স্থানীয়দের দাবি অনুযায়ী ভেঙে যাওয়া পুরনো স্থাপনার পরিবর্তে একটি ইসলামিক ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। নিঃসন্দেহে এটি অত্যন্ত নান্দনিক ও আকর্ষণীয়।”
তিনি আরও বলেন, “চৌরাস্তায় ট্রাফিক পুলিশের দাবি যথাযথ। এ বিষয়ে জেলা পুলিশের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে এখানে ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হবে।”
জানা যায়, পূর্বে এই স্থানে “টাইগার চত্ত্বর” নামে একটি ভাস্কর্য ছিল। কিন্তু সেটি ভেঙে যাওয়ার পর স্থানীয়রা নতুন একটি ইসলামিক ভাস্কর্য নির্মাণের দাবি তোলেন। পরে জীবননগর পৌরসভার উদ্যোগে মোট ৮ লাখ ৩০ হাজার ৭৫৮ টাকা ব্যয়ে এই ভাস্কর্য নির্মাণ করা হয়।
স্থানীয়রা বলছেন, নতুন এই ভাস্কর্য শুধু জীবননগর শহরের সৌন্দর্যই বাড়ায়নি, বরং ইসলামিক সংস্কৃতির প্রতিফলন ঘটিয়েছে। শহরের প্রবেশপথে স্থাপনাটি এখন পথচারী ও যাত্রীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা।

জীবননগর প্রতিনিধি