প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ । ৫:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ সার বিক্রি, বিসিআইসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির দোকানগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ ম্যাগনেশিয়াম সার বিক্রির দায়ে এক বিসিআইসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২০ আগস্ট) সকালে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান। অভিযানে সহায়তা করেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহফুজ রহমান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

অভিযান সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আনন্দধাম এলাকার মুদি দোকান, জ্বালানি গ্যাস ও সার-বীজ বিক্রির দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় স্থানীয় বিসিআইসি ডিলার আব্দুল বারির দোকানে মেয়াদোত্তীর্ণ ম্যাগনেশিয়াম সার বিক্রি হতে দেখা যায়। ফলে জনস্বার্থে তাৎক্ষণিকভাবে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. মামুনুল হাসান সাংবাদিকদের বলেন, “মেয়াদোত্তীর্ণ সার কৃষকের জমির জন্য ক্ষতিকর এবং ভোক্তা অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এজন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, ভোক্তাদের প্রতারণা ও ক্ষতি থেকে বাঁচাতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেসব ব্যবসায়ী অসাধু উপায়ে পণ্য বিক্রি করে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, নিয়মিত বাজার তদারকির ফলে ব্যবসায়ীরা সচেতন হচ্ছেন এবং ভোক্তারা ন্যায্য দামে নিরাপদ পণ্য পাওয়ার ক্ষেত্রে আশ্বস্ত হচ্ছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রিন্ট করুন