সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭ বছরের শিশু ছোঁয়া মনিকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ভিকটিমের ফুপাতো ভাই মনিরুল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে রায়গঞ্জ আমলি আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিহাদ। তিনি উল্লাপাড়া উপজেলার হাওড় গ্রামের মো. জিল্লুর রহমানের ছেলে। নিহত ছোঁয়া মনি রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমুড়া গ্রামের সুমন শেখের মেয়ে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক রতন জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে জিহাদকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করে বিস্তারিত বিবরণ দেন।
জিহাদের জবানবন্দি অনুযায়ী, বুধবার (২০ আগস্ট) সকালে মাদ্রাসা থেকে ফেরার পথে মামাতো বোন ছোঁয়া মনিকে ধর্ষণের চেষ্টা করে সে। ভিকটিম বিষয়টি বাবা-মাকে জানাবে বললে পরিত্যক্ত টয়লেটের দেয়ালে আছড়ে হত্যা করে। এরপর মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।
পুলিশ জানায়, হত্যার পর জিহাদ নিজেও পরিবারের সঙ্গে শিশুটিকে খোঁজার ভান করে এবং মসজিদে মাইকিং করে। তবে পরে ঘটনাস্থল থেকে তার রক্তমাখা গেঞ্জি ও লুঙ্গি উদ্ধার করা হয়।
এর আগে বুধবার বিকেলে পরিত্যক্ত একটি টয়লেট থেকে ছোঁয়া মনির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির দাদি ফিরোজা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন। অবশেষে ৭২ ঘণ্টা পর হত্যার রহস্য উদ্ঘাটন করে ডিবি পুলিশ।

অনলাইন ডেস্ক