চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে কোনো অগ্রগতি নেই। ২০২৩ সালের আগস্টে ৭১ কোটি টাকা ব্যয়ে কাজ শুরুর পর একাধিকবার সময় ও ব্যয় বাড়ানো হলেও কার্যত থেমে আছে প্রকল্পের নির্মাণকাজ। চলতি বছরের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে এখনও অনেকটাই অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এ প্রকল্প।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমি অধিগ্রহণ, নকশা সংশোধন এবং রেল, বিদ্যুৎ ও পৌরসভার খরচ বাবদ অতিরিক্ত ১৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু মন্ত্রণালয়ের অনুমোদন না মেলায় থমকে গেছে কাজের গতি। এ অবস্থায় আবারও এক বছর সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।
এদিকে প্রকল্প এলাকায় খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখা রাস্তাঘাটে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। বর্ষার পানিতে সেগুলো কর্দমাক্ত হয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়রা অভিযোগ করেছেন, কর্তৃপক্ষের অনিহা ও দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পের কাজ এগোচ্ছে না। তারা দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সুজাত কাজী বলেন, “বাজেট কিছুটা বাড়ার কারণে প্রকল্পটি রিভাইজ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শেষ করা সম্ভব হবে।”
নানা জটিলতা ও ভোগান্তির মধ্যেও বহু প্রতীক্ষিত রেলওয়ে ওভারপাস দ্রুত শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে চুয়াডাঙ্গাবাসী।

চুয়াডাঙ্গা প্রতিনিধি