প্রকাশের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ । ৮:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, পুলিশি অভিযানে গ্রেফতার ১

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলার মিরপুরের সাংবাদিক ফিরোজ আহম্মদ হত্যাচেষ্টা মামলার আসামি মিলন হোসেন (৩২) কে গ্রেফতার করেছে র‌্যাব-২। শনিবার (২৩ আগস্ট) রাতে সাভারের তেতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোববার (২৪ আগস্ট) সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আসিফ তপু জানান, সাংবাদিক ফিরোজ আহম্মদ (৫৮) দৈনিক আজকের সূত্রপাত পত্রিকায় কাজ করেন। তিনি মিরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত ১১ আগস্ট সন্ধ্যায় নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে তার পথরোধ করে মিলনসহ কয়েকজন সহযোগী। তারা প্রথমে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটায় এবং পরে ইট দিয়ে থেতলে মারাত্মকভাবে আহত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ট্রমা সেন্টার অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার পর আহত সাংবাদিকের ভাগিনা বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে র‌্যাব-২ অভিযান চালিয়ে প্রধান আসামি মিলন হোসেনকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সাংবাদিক ফিরোজ আহম্মদের ওপর এ নির্মম হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ এবং সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

প্রিন্ট করুন