চুয়াডাঙ্গা, ২৪ আগস্ট ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলার আকন্দবাড়িয়া বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আকন্দবাড়িয়া বাজারের মুদি ও সার-বীজ দোকানগুলোতে হঠাৎ অভিযান চালানো হয়। এ সময় মেসার্স কামরুল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ব্যবসায়ীদের উদ্দেশে সহকারী পরিচালক বলেন, ক্রেতাদের স্বার্থ রক্ষায় মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য বিক্রি না করা—এগুলো আইনত বাধ্যতামূলক। নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সাধারণ ভোক্তারা প্রতারণা বা অবহেলার শিকার না হন।
অভিযানের সময় ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে। স্থানীয় ক্রেতারাও এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান।
চুয়াডাঙ্গা জেলায় এর আগেও একাধিক ব্যবসায়ীকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রির অপরাধে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভোক্তাদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল।

চুয়াডাঙ্গা প্রতিনিধি