চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে কবির স্মৃতি ফলকের সামনে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মধ্য দিয়ে দিনটি স্মরণ করা হয়। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন নিপীড়িত-নির্যাতিত মানুষের কবি। তিনি কলমের মাধ্যমে ঔপনিবেশিক শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর লেখা কবিতা, গান ও সাহিত্য আজও স্বাধীনতা, ন্যায় ও মানবতার পক্ষে অনুপ্রেরণা জোগায়। নতুন প্রজন্মকে নজরুলের চেতনা ধারণ করতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।
পরে জাতীয় কবির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
উল্লেখ্য, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কবিতা, গান, প্রবন্ধ, নাটকসহ বাংলা সাহিত্যের প্রায় সব শাখায় অসামান্য অবদান রেখে গেছেন। বাংলা গানে তিনি নিয়ে এসেছিলেন এক নতুন ধারা, যা আজও সমানভাবে সমাদৃত।
কার্পাসডাঙ্গার স্থানীয়রা জানান, প্রতি বছর কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে তাঁরা জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি