চুয়াডাঙ্গায় ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গণধিকার পরিষদ ও বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে শহরের চৌরাস্তা মোড় মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা সেনাবাহিনী, পুলিশ প্রশাসন ও সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হিসেবে আবারও রাজনৈতিক মাঠে সক্রিয় হয়ে স্বৈরাচারী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছে। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।
গণধিকার পরিষদের চুয়াডাঙ্গা জেলা সদস্য সচিব ইবনূর-রশিদ মাসুক সমাবেশে বলেন, “ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার এক বছর পার হলেও এখনো পর্যন্ত স্বৈরাচারীদের বিচার করা হয়নি। বরং সংস্কারের নামে পুরনো ক্ষমতাসীনদের পুনর্বাসনের পথ তৈরি করা হচ্ছে।”
যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নূরের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত এবং জাতীয় পার্টিকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন চলবে। তারা দাবি করেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে কোনোভাবেই দমন করা যাবে না।
সমাবেশে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, “গণতন্ত্র রক্ষার জন্য জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র ভরসা। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করে এই আন্দোলন বিজয়ী হবেই।”

চুয়াডাঙ্গা প্রতিনিধি