চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ হোসেন (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে সুবলপুর গ্রামের প্রতিবেশী মোশারফ হোসেনের বাড়ির ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়।
শিশুটির দাদা আবু বকর মাস্টার জানান, ঘটনার সময় আলিফ ও তার এক বন্ধু মোশারফ হোসেনের বাড়ির দ্বিতীয় তলার ছাদে উঠে খেলা করছিল। খেলার একপর্যায়ে আলিফ ওই বাড়ির ছাদের ওপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে বাঁশ দিয়ে আঘাত করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে ঝুলে থাকে। পাশের বাড়ির লোকজনসহ আলিফের মা ছুটে গিয়ে বিদ্যুতের তারে ঝুলে থাকা অবস্থায় তার পরনের প্যান্ট ধরে টান দিলে সে পড়ে যায়। তখন তাকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার বহিঃবিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিবুল্লাহ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি