প্রকাশের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ । ২:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুরুষের প্রজনন ক্ষমতা বাড়াতে ৪টি খাবার: পুষ্টিবিদদের পরামর্শ

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে বহু দম্পতি সন্তান জন্মদানে সমস্যার সম্মুখীন হন। একসময় ধারণা ছিল, নিঃসন্তান হওয়ার দায় কেবল নারীর ওপরই বর্তাতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা ও গবেষণা প্রমাণ করেছে, পুরুষের বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটিও সমানভাবে দায়ী। চিকিৎসকরা বলছেন, বর্তমানে পুরুষদের মধ্যে প্রজনন সমস্যার হার বেড়েছে, যার পেছনে রয়েছে অনিয়মিত জীবনযাপন, ধূমপান-মদ্যপান, মানসিক চাপ এবং ভুল খাদ্যাভ্যাস।

পুষ্টিবিদদের মতে, শরীর সুস্থ রাখতে এবং বিশেষ করে প্রজনন ক্ষমতা ঠিক রাখতে সঠিক খাবার নির্বাচন অত্যন্ত জরুরি। কিছু নির্দিষ্ট খাবার শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি, গুণগত মান উন্নত করা এবং সামগ্রিক প্রজনন স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা পুরুষদের খাদ্যতালিকায় কিছু বিশেষ খাবার রাখার পরামর্শ দিয়েছেন। এর মধ্যে চারটি সবচেয়ে কার্যকর খাবার হলো—

১. ব্রোকলি-সবুজ সবজি ব্রোকলি অনেকেরই প্রিয় নয়, কিন্তু এর উপকারিতা অপরিসীম। এতে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ফোলেট এবং পটাশিয়াম, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রজনন সক্ষমতায়ও ভূমিকা রাখে। নিয়মিত ব্রোকলি খেলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমে, যা শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান উন্নত করে।

২. আপেল -“প্রতিদিন একটি আপেল, চিকিৎসক দূরে রাখে”—প্রবাদটির পেছনে যথেষ্ট কারণ রয়েছে। আপেল খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা পুরুষের সামগ্রিক শারীরিক সক্ষমতা ও শক্তি বাড়ায়। গবেষণায় দেখা গেছে, আপেলে থাকা ফ্ল্যাভোনয়েডস পুরুষদের শুক্রাণুর গতিশীলতা (motility) বাড়াতে সহায়ক। নিয়মিত আপেল খাওয়ার অভ্যাস তাই প্রজনন স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।

৩. কলা – সহজলভ্য এই ফলটি পুরুষদের জন্য বিশেষ উপকারী। কলায় রয়েছে ব্রোমেলিন নামের এক ধরনের প্রাকৃতিক এনজাইম, যা হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং যৌন সক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া কলায় ভিটামিন বি ও ম্যাগনেসিয়ামও আছে, যা ক্লান্তি কমায় ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে। এর ফলে প্রজনন ক্ষমতা ধরে রাখা সহজ হয়।

৪. ডিম -ডিম হলো প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন ডি এবং লিউটিনের অন্যতম উৎস। এগুলো পুরুষদের হরমোন উৎপাদনে সহায়তা করে এবং শুক্রাণুর মান উন্নত করে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন অন্তত একটি করে সেদ্ধ ডিম খাওয়ার অভ্যাস পুরুষদের প্রজনন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

প্রিন্ট করুন