বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে সকাল সাড়ে ১০টার দিকে সাহিত্য পরিষদ প্রাঙ্গণ থেকে শহরের প্রধান সড়কগুলো ঘুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সরকারি কলেজ রোড, কবরী রোড, পৌরসভা মোড়, শহিদ হাসান চত্বর চৌরাস্তা মোড়, কোর্ট মোড় হয়ে দোয়েল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন ইউনিট থেকে হাজারো নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পরে বেলা সাড়ে ১১টায় সাহিত্য পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপকোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু ও সফিকুল ইসলাম পিটু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।
আলোচনা সভায় বক্তব্য দেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, পৌর সভাপতি আজিজুর রহমান পিন্টুসহ বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ।
এছাড়া জেলা শ্রমিক দল, মহিলা দল, যুবদল, কৃষক দল, মৎস্যজীবী দল, জাসাস, আইনজীবী ফোরাম ও ওলামা দলের নেতৃবৃন্দও সভায় অংশ নেন। জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বিএনপির ঐতিহ্য, সংগ্রামী ইতিহাস এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা দাবি করেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় অঙ্গীকারবদ্ধ। তারা সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
দিনব্যাপী এ কর্মসূচি উপলক্ষে পুরো চুয়াডাঙ্গা শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। নানা শ্লোগান ও ব্যানার-ফেস্টুনে শহর সেজে ওঠে নীল-লাল রঙে, যা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে আরও প্রাণবন্ত করে তোলে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি