প্রকাশের সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:৪৮ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আলমডাঙ্গায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের বিশেষ অভিযান

আলমডাঙ্গা প্রতিনিধি

আলমডাঙ্গা পৌর এলাকায় ফুটপাত ও ড্রেন দখলমুক্ত রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেহেদী ইসলাম। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের হলুদপটি এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় ফুটপাত ও ড্রেনের ওপর দীর্ঘদিন ধরে রাখা বিভিন্ন মালামাল জব্দ করা হয়। ব্যবসায়ী ও দোকানিদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয় যেন ভবিষ্যতে আর কেউ ফুটপাত বা ড্রেনের ওপর কোনো পণ্য সামগ্রী না রাখে। একই সঙ্গে যত্রতত্র মোটরসাইকেল, পাখিভ্যান ও আলমসাধু পার্কিং থেকে বিরত থাকার আহ্বান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান চলাকালে পথচারী, ব্যবসায়ী ও গাড়ি চালকদের সচেতন করা হয়। প্রশাসক শেখ মেহেদী ইসলাম বলেন, “ফুটপাত দখলমুক্ত রাখার এই উদ্যোগ কেবল একবারের জন্য নয়, এটি ধারাবাহিকভাবে চলবে। নগরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও উল্লেখ করেন, ফুটপাত দখলমুক্ত রাখলে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এবং যানজটও অনেকাংশে কমে আসবে।

স্থানীয়রা জানান, ফুটপাত দখলমুক্ত করার কারণে হাঁটাচলার জায়গা বৃদ্ধি পেয়েছে। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকি থাকলে এ উদ্যোগ টেকসই হবে। অন্যদিকে অনেক ব্যবসায়ীও প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, শৃঙ্খলাপূর্ণ নগর গড়ে তুলতে নিয়ম মেনে ব্যবসা চালানোই সবার জন্য ভালো।

আলমডাঙ্গা পৌর প্রশাসনের এই অভিযানকে অনেকে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে, যাতে শহরের পরিবেশ পরিচ্ছন্ন, শৃঙ্খলাপূর্ণ ও যানজটমুক্ত রাখা যায়।

প্রিন্ট করুন