প্রকাশের সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ । ২:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আলমডাঙ্গায় ১০০ গ্রাম গাঁজাসহ একজন আটক

আলমডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শিয়ালমারী গ্রামের বানাতখাল মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই দিন সকালে পুলিশ মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে আসমানখালী পুলিশ ক্যাম্পের এসআই আহম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে শিয়ালমারী উত্তরপাড়ার একটি চায়ের দোকানের সামনে সন্দেহভাজন অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. মশিউর রহমান মন্টু (পিতা: মৃত আহম্মদ আলী বিশ্বাস, গ্রাম: বটিয়াপাড়া)। ঘটনাস্থলেই আইনগত প্রক্রিয়া অনুসারে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং আলামত সংগ্রহ করা হয়।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা (নং-১১, তারিখ-৪/০৯/২০২৫) দায়ের করা হয়েছে।

ওসি মাসুদুর রহমান বলেন, “মাদক আমাদের সমাজের জন্য ভয়াবহ হুমকি। যুব সমাজকে রক্ষা করতে হলে মাদক নির্মূল করা জরুরি। পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এই যুদ্ধে অংশ নিতে হবে। আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। সম্প্রতি বেশ কয়েকজনকে আটক করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া পুরোপুরি মাদক নির্মূল করা সম্ভব নয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ পুলিশি উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

প্রিন্ট করুন