প্রকাশের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৩:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আলমডাঙ্গায় যৌথ অভিযানে স্বামী-স্ত্রীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে স্বামী-স্ত্রীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার রেলস্টেশনপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন—মৃত মহর আলীর ছেলে সাজ্জাদুল আলম ছপু (৪৫) এবং তার স্ত্রী রুনা খাতুন (৪০)।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর হারদী অস্থায়ী ক্যাম্প ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি যৌথ দল রেলস্টেশনপাড়ায় অভিযান চালায়। এসময় স্বামী-স্ত্রীকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বাজারে বিক্রয় নিষিদ্ধ ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকা।

পুলিশ জানায়, সাজ্জাদুল আলম ছপু ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। বেশ কয়েকবার মাদকসহ গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবারও একই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তারা। স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসার কারণে এলাকায় তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এই স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক ও নগদ টাকা জব্দ করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।”

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও সেনাবাহিনীর এ যৌথ অভিযানে স্থানীয় মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন