প্রকাশের সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৪:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ট্যাপেন্টাডল, টাকা ও মোবাইল ফোনসহ সুবিন্দ ও শাওন

আলমডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে পৌর এলাকার হাউসপুর ব্রিজ থেকে সাদাব্রিজগামী পাকা রাস্তার পূর্ব পাশে বাহার আলীর চায়ের দোকানের সামনে এ অভিযান চালানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর হারদী অস্থায়ী ক্যাম্পের কর্মকর্তার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ তাইজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। গ্রেফতারকৃতরা হলেন আলমডাঙ্গা কলেজপাড়া এলাকার শ্রী শ্যামল কুমার সাহার ছেলে সুবিন্দু কুমার সাহা (৩২) এবং আলমডাঙ্গা হাউসপুর গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে শাওন হোসেন (২৮)। তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১,২৬২ টাকা ও ২টি মোবাইল ফোন। তথ্যানুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত সুবিন্দু কুমার সাহা আগে ফার্নিচারের কাজ করলেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন। এর আগেও আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে চার লাখ টাকার বেশি নগদ অর্থ ও মাদকসহ ধরা পড়েছিলেন তিনি। জামিনে বের হয়ে আবারো পুরোপুরি মাদক ব্যবসায় মনোযোগী হন। বর্তমানে ফার্নিচারের কাজ ছেড়ে মাদক ব্যবসাকেই জীবিকার প্রধান মাধ্যম বানিয়েছেন। মাঝে মাঝে পুলিশের হাতে ধরা পড়লেও কারাগার থেকে বের হয়ে আবারো একই ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আসাননগর এলাকায় সুবিন্দুর একটি মাদক ঘাঁটি রয়েছে। সীমান্তবর্তী অঞ্চল থেকে বড় বড় চালান এনে সেগুলো আসাননগর ও আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। আলমডাঙ্গার হাউসপুর, আনন্দধাম ও মাঠপাড়া এলাকায় ভাড়া বাসা নিয়ে তিনি ও তার সহযোগীরা মাদকের চালান ও লেনদেন পরিচালনা করে আসছেন। স্থানীয়দের অভিযোগ, আলমডাঙ্গার বিভিন্ন মহল্লা মাদক ব্যবসায়ীদের দখলে চলে গেছে। ভাড়া বাসায় অবস্থান নিয়ে বহিরাগতরা দিন-রাত মাদক ব্যবসা করছে। প্রভাবশালী মহল ও কিছু অসাধু ব্যক্তিকে ম্যানেজ করেই তারা দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এক স্থানীয় ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান— “আমাদের আলমডাঙ্গার শান্তি নষ্ট করে দিচ্ছে এরা। মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে ব্যবসা চালালেও বড় নেতাদের ছত্রচ্ছায়ায় তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।” আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন গ্রেফতারকৃত সুবিন্দু সাহা একাধিক মাদক মামলার আসামি। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আলমডাঙ্গাকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন