চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও কম্পিউটার আনুষঙ্গিক খাতে ২৪ লাখ টাকা খরচ দেখানো হলেও তার কোনো হদিস মিলছে না। তিন মাস আগে বরাদ্দ আসার পরও হাসপাতালের স্টোররুমে সেসব সামগ্রীর কোনো অস্তিত্ব নেই। এ ঘটনায় হাসপাতালের ভেতরে ও বাইরে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত ১ জুন সদর হাসপাতালের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী ক্রয়ে ২০ লাখ এবং কম্পিউটার ও আনুষঙ্গিক খাতে আরও ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ক্রয়কৃত সব উপকরণ প্রথমে স্টোরকিপারের কাছে আসার কথা। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও স্টোরে কোনো সামগ্রীই ঢোকেনি। অথচ গত জুনেই এই টাকা উত্তোলন করেছেন তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস।
সদর হাসপাতালের স্টোররুম ঘুরে দেখা যায়, পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী বলতে মাত্র চার কার্টুন জীবাণুনাশক রয়েছে। এর বাইরে ওই রুমে আর কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী মজুত পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রধান সহকারী আব্দুস সবুর বলেন, তত্ত্বাবধায়ক স্যার নিজেই বরাদ্দের টাকা ও উপকরণগুলো তদারকি করেন। স্যার হয়তো নিয়ম মেনেই খরচ করেছেন। আপনারা স্যারের সঙ্গে কথা বলেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি