কুষ্টিয়ার খোকসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পাশের শাহী টেলিকমের মালিকের বাড়িতে চুরির চেষ্টা করতে গিয়ে দুই চোরকে হাতেনাতে ধরা হয়েছে। গতরাতে স্থানীয়রা টের পেয়ে দ্রুত বাড়ির মালিকসহ এলাকাবাসী চোরদের আটক করে। পরে উত্তেজনা এড়াতে তাদেরকে হালকা আপ্যায়ন করা হয় এবং শান্তভাবে পুলিশে সোপর্দ করা হয়।
জানা যায়, রাত প্রায় আড়াইটার দিকে বাড়ির পেছনের দরজা ভেঙে প্রবেশের চেষ্টা চালায় চোরেরা। বাড়ির ভেতরে অস্বাভাবিক শব্দ শুনে মালিক জেগে ওঠেন এবং প্রতিবেশীদের ডাক দেন। মুহূর্তের মধ্যেই এলাকাবাসী জড়ো হয়ে যায়। ধাওয়া করে দুই চোরকে পাকড়াও করা হয়। আটক চোরদের বয়স আনুমানিক 35 থেকে 40 বছর বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, সম্প্রতি খোকসা বাজার ও আশপাশে চুরির ঘটনা বেড়েছে। এ কারণে সবাই সতর্ক অবস্থায় ছিলেন। ঘটনাটি ঘটতেই তারা দ্রুত ব্যবস্থা নেন। পরে শাহী টেলিকমের মালিক ও উপস্থিত গ্রামবাসী মানবিক আচরণ দেখিয়ে উত্তেজনা না বাড়িয়ে চোরদের পুলিশে হস্তান্তর করেন।
খোকসা থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে থানায় নিয়ে যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের ভাষ্য, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি