সার্ভার সমস্যার কারণে টানা তিনদিন ধরে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা হাজারো মানুষ।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, পাসপোর্ট অফিসের সামনে ভিড় জমিয়েছেন সেবাগ্রহীতারা। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ না হওয়ায় অনেকে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। দুপুর পর্যন্ত অপেক্ষা করেও কোনো সমাধান না হওয়ায় অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। গেটের বাইরে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান কয়েকজন।
অফিস সূত্রে জানা যায়, গত রোববার সকাল থেকে সার্ভারের যন্ত্রাংশের ত্রুটির কারণে কার্যক্রম বন্ধ হয়ে যায়। পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় সার্ভারের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দামুড়হুদা থেকে আসা আবেদনকারী স্বাধীন বলেন, ‘পুরো দিন লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ হয়নি। দূর-দূরান্ত থেকে আসা অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন।’
জীবননগর থেকে আসা আরেক আবেদনকারী শাকিল বলেন, ‘সকাল ছয়টায় বের হয়ে এসেছি, কিন্তু অফিস খুলেই জানানো হলো— সার্ভার নষ্ট, কাজ হবে না, আবার কালকে আসতে হবে।’
চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক এস. এম. জাকির হোসেন বলেন, ‘সার্ভারের যন্ত্রাংশ নষ্ট হওয়ায় আবেদন গ্রহণসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। ঢাকা থেকে টেকনিশিয়ান আসবে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।’

চুয়াডাঙ্গা প্রতিনিধি