বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত
মুজিবনগর সীমান্তে বিএসএফের আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক ৯ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবুল বাশারের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। অপরদিকে, বিএসএফের হৃদয়পুর কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সজল কুমার ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন। বৈঠক শেষে আটক ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, ফেরত আসা বাংলাদেশিদের সবাই ফরিদপুর জেলার বাসিন্দা। এদের মধ্যে রয়েছেন ২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ১ জন নারী ও ৬ জন শিশু। তারা হলেন—আবু সাইদ (৪৫), জামাল শেখ ওরফে বদির (৩৯), বিউটি বেগম (৪০), শিশু মো. সম্রাট (৭), সিমলা আক্তার (১১), ডলি আক্তার (২৫), লামিয়া আক্তার (৬), আলী আকবর (৪) এবং সাদিয়া (১)।
বিজিবি জানায়, এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফের হাতে আটক হওয়ার পর কূটনৈতিক যোগাযোগ ও উভয় বাহিনীর আলোচনার মাধ্যমে তাদের দেশে ফেরত আনা সম্ভব হয়।
হস্তান্তরের পর বিজিবি আটক ব্যক্তিদের মুজিবনগর থানায় সোপর্দ করেছে। মুজিবনগর থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্ত এলাকায় এ ধরনের অনুপ্রবেশ রোধে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয়রা।
















