মালয়েশিয়া বিমানবন্দর
মালয়েশিয়া বিমানবন্দরে ৯৮ বাংলাদেশি নাগরিককে আটকে দিলো
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (KLIA) ৯৮ জন বাংলাদেশি যাত্রীকে প্রবেশে বাধা দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। তারা ঢাকা থেকে একটি ফ্লাইটে পৌঁছালেও বিমানবন্দরের কড়াকড়ি যাচাই-বাছাইয়ে কাগজপত্রে অসঙ্গতি ধরা পড়ায় তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ জারি করা হয়।
শুক্রবার (১৬ আগস্ট) মালয়েশীয় সংবাদ সংস্থা বার্নামা এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM) রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিমানবন্দরের প্রথম টার্মিনালে অভিযান চালায়। এ সময় মোট ১৮১ জন যাত্রীর নথিপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে প্রায় অর্ধেক, অর্থাৎ ৯৮ বাংলাদেশির ডকুমেন্ট যথাযথ না থাকায় তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
কর্তৃপক্ষ জানায়, আটক যাত্রীদের অনেকের কাছেই বৈধ হোটেল বুকিং, পর্যাপ্ত অর্থের প্রমাণ কিংবা রিটার্ন টিকিট ছিল না। এ ছাড়া কিছু যাত্রীর বিরুদ্ধে সন্দেহ করা হচ্ছে, তারা পর্যটন ভিসার আড়ালে মালয়েশিয়ায় অনিয়মিতভাবে বসবাস বা কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করেছিলেন।
বার্নামার প্রতিবেদনে আরও বলা হয়, যাত্রীরা সবাই ভোররাতের ফ্লাইটে কুয়ালালামপুরে পৌঁছান। ধারণা করা হচ্ছে, দিনের বেলার কঠোর নজরদারি এড়াতেই তারা রাতের ফ্লাইটে আসেন।
মালয়েশিয়ার সীমান্ত সংস্থার এক কর্মকর্তা জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় বাংলাদেশি যাত্রীদের অনেকে ভোগান্তিতে পড়লেও মালয়েশিয়া কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক ভ্রমণ নিয়ম-কানুন মেনে যথাযথ ডকুমেন্ট ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হবে না।














