বিজিবির অভিযানে চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার কাছাকাছি মাদক ও পণ্য আটক
চুয়াডাঙ্গা সীমান্তে গত পাঁচ দিনে বিজিবির অভিযানে প্রায় ৫৭ লাখ ৭১ হাজার টাকার মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট, দর্শনা, সুলতানপুর, বড়বলদিয়া এবং ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী একাধিক অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময়ে সীমান্ত এলাকায় বিশেষ টাস্কফোর্সের সহযোগিতায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।
অভিযানগুলোতে বিভিন্ন প্রকার অবৈধ মাদকদ্রব্যের পাশাপাশি ভারতীয় পণ্য ও জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—১৯ বোতল ভারতীয় মদ, ৬৭ বোতল ফেন্সিডিল, ৩ কেজি গাঁজা, ৩ হাজার ট্যাপেনটাডল ট্যাবলেট, ২১টি ভারতীয় শাড়ি, ১২টি থ্রীপিস, ২০২ পিস কসমেটিকস সামগ্রী, ২০০টি চায়না দুয়ারী জাল, ৫০০ কেজি চায়না কারেন্ট জাল এবং ১৮০ কেজি ভারতীয় পেঁয়াজ। এছাড়া কিছু অবৈধ ভারতীয় খাদ্যদ্রব্যও জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সম্ভাব্য পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো চক্র সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার করতে না পারে।
এ ব্যাপারে বিজিবি কর্মকর্তা হায়দার আলী বলেন, মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত থাকবে।


















