আলমডাঙ্গায় কৃষকদের মাঝে মাষকলাইয়ের বীজ ও সার বিতরণ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে মাষকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “মানবদেহে পুষ্টি বজায় রাখতে ডালের ভূমিকা অপরিসীম। বিশেষ করে মাষকলাই প্রোটিন ও ফ্যাটের ঘাটতি পূরণে অত্যন্ত কার্যকর। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদাও বাড়ছে। তাই কৃষকদের ডাল উৎপাদনে উৎসাহিত করতে হবে, যাতে দেশীয় পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করা যায়।”
তিনি আরও বলেন, “মাষকলাই চাষ কেবল কৃষকের আয় বাড়াবে না, বরং দেশের পুষ্টির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আধুনিক প্রযুক্তি, মানসম্মত বীজ ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে কৃষি খাতে বিপ্লব ঘটানো সম্ভব। সরকার কৃষকদের পাশে আছে এবং ভবিষ্যতেও সব ধরনের সহায়তা প্রদান করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রাণিসম্পদ অফিসার জেড এম মাহমুদউল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, মহিলা বিষয়ক অফিসার মাকসুরা জান্নাত, যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন আলী, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, ইনস্ট্রাক্টর জামাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর রহমান ও আহসানুল হক শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় ডাল উৎপাদন বাড়াতে হলে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, মানসম্মত বীজ ও সময়োপযোগী পরামর্শ প্রদানের বিকল্প নেই। সরকারের এই উদ্যোগ কৃষকদের ডাল চাষে আগ্রহী করে তুলবে এবং দীর্ঘমেয়াদে দেশের পুষ্টি ঘাটতি নিরসনে সহায়ক ভূমিকা রাখবে।















