চুয়াডাঙ্গায় গাঁজা সেবনের দায়ে ব্যক্তিকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবনের দায়ে রফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে রফিকুল ইসলামকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাইডিং টিম। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (ক) ধারায় তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে জেলা কার্যালয়ের পরিদর্শক বদরুল হাসান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকসেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। অবশেষে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানোর সময় তাকে সিঅ্যান্ডবি পাড়ায় হাতেনাতে ধরা হয়।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার মৃত আব্দুল ওহাবের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পরপরই তাকে কারাগারে প্রেরণ করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মাদক সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাই এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। মাদকবিরোধী কার্যক্রমকে সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত প্রয়োজন।
চুয়াডাঙ্গায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


















