চাঁদাবাজ, দখলদার, দেশের ক্ষতিসাধনকারী বিএনপির কেউ হতে পারে না: শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দৃঢ় কণ্ঠে বলেছেন, “চাঁদাবাজ, দখলদার কিংবা দেশের ক্ষতি করে এমন কেউ বিএনপির লোক হতে পারে না। যারা এসব অপরাধে জড়িত, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।”
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা চত্বরে বিএনপি আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন,
“বিএনপির কর্মীরা কখনো জোর করে এমপি হন না। তারেক রহমান ১৬ বছর ধরে সংগ্রাম করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখেছেন। অথচ শেখ হাসিনা নিজেকে মুজিবকন্যা বলে দাবি করেও এখন সীমান্তের ওপারে আশ্রয় নিয়েছেন, যেখানে থেকে আমাদের মানুষ হত্যা করা হচ্ছে।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন,
“ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বাইরে আর কিছুই মাঠে থাকবে না। এবার সরকার হবে ধানের শীষের সরকার—যে সরকার মানবতা প্রতিষ্ঠা করবে, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করবে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দেবে, এবং লাখ লাখ বেকার শিক্ষিত যুবকের কর্মসংস্থান করবে।”
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলুর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
















